ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতাসহ আটক ৪

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা ও একটি হাইয়েক্স গাড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ৮টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি বন্ধ করে ফেরিঘাট থেকে হাইয়েক্স গাড়িটি আটক করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা অপহৃত জিয়াউর রহমানকে চোখ বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২) কে আটক করে পুলিশ।

একই সাথে গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন (৫৫), বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫) ও তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) কে আটক করে পুলিশ। এসময় অপহরণকারি চক্রের কয়েকজন পলিয়ে যায়।

অপহৃত আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান বলেন, রবিবার (১৩ জুলাই) বেলা ৭টার দিকে তিনি তার বাড়ির কাছে আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি হাইয়েক্স গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারপিট করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম বলেন, তার স্বামীকে উদ্ধারের জন্য তারা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে তার স্বামীকে উদ্ধার ও অপহরণকারীচক্রের ৪ জনকে আটক করে।

আটক থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা খলিলুর রহমান বলেন, ভারতের ব্যাঙ্গালোরে ভাঙ্গারী ব্যবসা নিয়ে জিয়াউর রহমানের সাথে লেনদেন রয়েছে। সেই টাকা আদায়ের জন্য তাকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর শুনে পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশী শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রংয়ের একটি হাইয়েক্স গাড়ির (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তৎক্ষনাত গাড়ির চালক ও গাড়িতে থাকা অপহরণকারী চক্রের অপর ৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram