

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ জুলাই)সকালে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম জাকির হোসেন,সহকারী অধ্যাপক রাশিদুল আলম বাদল,ছাত্র আন্দোলনের আহবায়ক সাব্বির আহমেদ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান সরকার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান মাসুম প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, চরাঞ্চলের শিক্ষকদের মন, শরীর ও শিক্ষার পরিবেশ ভালো নেই। বিভিন্ন মহল থেকে শুধু সমালোচনা করা হয় কিন্তু শিক্ষকদের সমস্যাগুলো কেউ দেখেনা। এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে চরাঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষকদের জন্য (২রুম বিশিষ্ট) আবাসিক ব্যবস্থা করে দেয়ার কথা থাকলেও তা হয়নি, চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় ২% শিক্ষক চরের আর ৯৮% শিক্ষক এপার থেকে যায়। সকাল নয়টায় নৌকা ছাড়ে, আর সব থেকে কাছের স্কুলে পৌঁছিতে সাড়ে দশটা একটু দুরের স্কুলে যেতে সাড়ে এগারোটা বাজে।বেশি দুরের স্কুলে যেতে সাড়ে বারোটা থেকে ১টা বেজে যায়। সেখানে কিভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়? উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন চরে হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান চরে, অথচ বিভিন্ন উপজেলায় চর ভাতা থাকলেও আমরা ভাতা থেকে বঞ্চিত।
উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন,কিছু কিছু শিক্ষক যুগ যুগ ধরে এভাবে চরে চাকরি করে আসছে, শিক্ষকতা চাকরিতে আসাই যেনো তাদের পাপ। আবার কিছু কিছু শিক্ষক মন্ত্রী,এমপি ও বিভিন্ন নেতাদের আত্মীয় স্বজন হওয়ায় মাসের ব্যবধানেই এপারে চলে আসে, এর আগে ইউএনও মাহবুবুর রহমান স্যার শিক্ষকদের জন্য একটি নৌকা দিলেও নেই তেলের সুবিধা এগুলো গুরুত্বের সাথে দেখা দরকার।
আলোচনা সভায় প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত থেকে তাদের সমস্যা গুলো তুলে ধরেন।
