

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রামগামী একটি শান্তি পরিবহন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা দিবালা ত্রিপুরা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চালক শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন এবং আহত চালককে চিকিৎসা প্রদান করেন।
দুর্ঘটনার পরপরই মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক উভয় যানবাহন আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তবে শান্তি পরিবহনের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
