

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পানিবন্দী থাকা অবস্থায় ক্লাস-পরীক্ষা দিতে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। শহরের বাইরের উপজেলাগুলোও একই অবস্থা প্রায়।পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিলস্ স্কুল, বদ্দিপুর প্রাইমারি স্কুল, ভোমরা রাশিদা স্কুল, বহু প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষার্থী ভেলা, বাঁশ বা জুতা হাতে নিয়ে যাচ্ছে বিদ্যালয়ে। স্কুল মাঠগুলোতেও জমেছে পচা পানি। অভিভাবকরাও হতাশ। তাদের প্রশ্ন এই দুর্যোগে সন্তানদের স্কুলে পাঠাবো কিভাবে? শিশুরা ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন অনেক অভিভাবক।
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শহরতলির উত্তর কাটিয়া, ইটাগাছা, কুখরালি, ব্রহ্মরাজপুর, ঝাউডাঙ্গা, ফিংড়ি, আগরদাঁড়ি, বাঁকাল, মাছখোলা, পাড়মাছ খোলাসহ তালতলা এলাকার প্রতিষ্ঠানগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষক বলেন, 'প্রতি বছর এমন পরিস্থিতি তৈরি হয়। নেই কোনো স্থায়ী সমাধান। কলেজের ভিতরেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পুরা কলেজ ক্যাম্পাস পানিতে নিমজ্জিত হয়ে আছে।'
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তৈবুর রহমান বলেন, 'কলেজের আশেপাশে পুরা এলাকা এখন পনির তলায় নিমজ্জিত হয়ে।রয়েছে। এতে প্যান্ট গুটিয়ে হাঁটু সমান পানি ঠেলে কলেজে মূল ভবনে প্রবেশ করতে হচ্ছে। ড্রেনের পচা পানি ও বৃষ্টির পানিতে একা-কার হয়ে রয়েছে। পায়ে চুলকানির দেখা দিচ্ছে। আমরা তো প্যান্ট গুটিয়ে কলেজে উঠতে পারছি! তাহলে মেয়েরা কি করবে? এখন তো পরীক্ষা চলছে কলেজে তো আসাই লাগবে।' শারমিন আক্তার নামের একজন এইসএসসি পরীক্ষার্থী বলেন, 'বৃষ্টির মধ্যে ভিজে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হচ্ছে। ভেজা কাপড়ে কি তিনি ঘণ্টা পরীক্ষা হলে থাকা যায়?'
দেলোয়ার নামের একজন অভিভাবক বলেন, 'মেয়ের পরীক্ষা আমি তাকে নিয়ে কলেজে পৌঁছে দিতে এসেছি। এসে দেখছি কলেজের চারিপাশে বৃষ্টি ও ড্রেনের পচা পানিতে নিমজ্জিত। হাঁটু সমান পানি পার হয়ে কলেজের মূল ভবনে প্রবেশ করতে হচ্ছে এমন অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে কি করে?' বলে উল্টো প্রশ্ন ছুড়েন তিনি।সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলাল বলেন, 'শিক্ষার্থীরা কাদা-পানি পেরিয়ে ক্লাসে যাচ্ছেএটাই কি শিক্ষার পরিবেশ? দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম পাঠ ও মনোবলে পিছিয়ে পড়বে।' সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, 'জলাবদ্ধতা নিরসনে ঘের মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুত উন্নতির আশা করছি।'
ডেপুটি কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, শুধু প্রশাসনের পক্ষে জলাবদ্ধতার সমাধান সম্ভব নয় এ জন্য স্থানীয়দের অংশগ্রহণে বাঁধ নির্মাণসহ সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।তিনি আরও জানান, জেলার বিভিন্ন খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। তাই খাল খননের পাশাপাশি দখলমুক্ত করা প্রয়োজন।জেলা তথ্যমতে, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় দুই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৩০০ সরকারি প্রাথমিক, ৫০০ মাধ্যমিক ও ৬০টির বেশি কলেজ রয়েছে।
