

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাঙামাটি শহরে থেমে থেমে বৃষ্টিপাত হয়। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি শহরে ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটির পৌর এলাকার ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেছে পৌরসভা। তথ্য অফিসও মাইকিং করেছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদেরকে আশ্রয় কেন্দ্র বা নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
জেলা প্রশাসনের তথ্য মতে, পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ায় প্রস্ততি রয়েছে।
রাঙ্গামাটি ফায়ার স্টেশন সূত্রমতে, কয়েক দিন ধরে টানা ভারী থেতে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানের পাহাড়ি ঢালু এলাকা সমূহে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। রাঙামাটি ফায়ার স্টেশনের রেসকিউ টিম মাইকিং করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
