

মিজবাউল হক, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ডাকাত সাজ্জাদ হোসেন (২৫)কে ছিনিয়ে নেওয়ার দুদিন পর ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
বুধবার (৯ জুলাই) ভোর রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেল (ওয়ার্ল্ড বিচ রিসোর্ট) থেকে তাকে আটক করে। সাজ্জাদ হোসনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ঘটনায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বার বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, বিশেষ নজরদারি ও কক্সবাজারের গোয়েন্দা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত সাজ্জাদকে অবশেষে আটক করতে সক্ষম হয় কক্সবাজারের ডিবি পুলিশ।
তিনি আরও জানান, আটক সাজ্জাদের বিরুদ্ধে ২টি ডাকাতি, একটি অস্ত্র আইনে ও পুলিশকে হত্যা চেষ্ঠাসহ ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, রবিবার (৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেফতারের পর সাজ্জাদকে সিএনজি চালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামী দেখিয়ে একটি মামলা করেন।
পরে সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
