

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের এক হিন্দু মাছ ব্যবসায়ী থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। হাতিয়ে নেওয়া ওই টাকা উদ্ধার করে বৃহস্পতিবার রাতে প্রতারণার শিকার ওই মাছ ব্যবসায়ীর হাতে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্ল্যাহ।
ওসি শহিদ উল্ল্যাহ বলেন, গত ৫ মে ধীরা চন্দ্র দাস নামে এক মাছ ব্যবসায়ীর মোবাইলে ফোন দিয়ে তার মেয়েসহ পুরো পরিবারকে বান বা জাদু করে মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে নোয়াখালী থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ধীরা চন্দ্র দাস মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে নোয়াখালী থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

