ঢাকা
logo
প্রকাশিত : July 3, 2025

উজিরপুর পৌরসভার কমলাপুর গ্রামকে ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার কমলাপুর গ্রামকে আনুষ্ঠানিকভাবে “পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব গ্রাম” হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে রায়বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী।

তিনি বলেন, “আজ আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, কমলাপুর গ্রামকে ‘পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব গ্রাম’ হিসেবে ঘোষণা করা হলো। পরিচ্ছন্নতা মানে স্বাস্থ্য, আর স্বাস্থ্যবান জনগণ মানেই উন্নত সমাজ। আসুন সবাই মিলে বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন, বিশুদ্ধ পানি ব্যবহার এবং সবুজ পরিবেশ গঠনে সচেষ্ট হই, যেন কমলাপুর সত্যিকারের মডেল গ্রাম হয়ে ওঠে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। রাস্তার সংকীর্ণতা এবং এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে অনুষ্ঠানের আয়োজকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, যিনি যুবসমাজকে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান। এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উজিরপুর এপি) টেকসই উন্নয়ন এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার কথা তুলে ধরেন। শিল্পকলা একাডেমি উজিরপুর শাখার পরিচালক মোঃ ফরিদ হোসেন সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন। সিআরএসএস-উজিরপুরের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম ৯ মাসের টানা প্রস্তুতি ও কমলাপুরকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরএসএস-উজিরপুরের সিডিও অ্যানিমিতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তপন মিত্র (সাধারণ সম্পাদক, বিডিএস কমিটি), সিনথিয়া তন্বী (এম অ্যান্ড ই স্পেশালিস্ট, সিআরএসএস), আহসান সুমন ও জেমস সানী বৈরাগী (সিডিও, সিআরএসএস) এবং উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাওসার হোসেন, সদস্য নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান ও সোহাগ হাওলাদারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। অনুষ্ঠানের আয়োজন করে ইগনিশন কমিটি ও পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন কমিটি (কমলাপুর), সহযোগিতা করে সিআরএসএস (CRSS), এপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আয়োজকরা জানান, এই ঘোষণা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি ৯ মাসের পরিকল্পিত কর্মসূচি ও কমলাপুরবাসীর কঠোর পরিশ্রমের ফসল।

অনুষ্ঠানের প্রতিপাদ্য শ্লোগান ছিল-“সবুজ হবে মোদের গ্রাম, ভরসা হবে জৈব সার, উন্নত চুলা ব্যবহার করি, পরিবেশের ভারসাম্য রক্ষায় অঙ্গিকার করি”। এই শ্লোগানকে সামনে রেখে গ্রামের মানুষকে ৯ মাস ধরে পরিচ্ছন্নতা, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ রোধ, জৈব সার ব্যবহার ও গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। ঘোষণার পর গ্রামবাসী শপথ নেন পরিচ্ছন্নতা বজায় রাখা, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা, প্লাস্টিক দূষণ কমানো এবং গাছ লাগিয়ে গ্রামকে সবুজ রাখা।

স্থানীয় অংশগ্রহণকারীরা বলেন, “আমরা খুব খুশি যে আমাদের গ্রাম এই স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের সবাইকে আরও দায়িত্বশীল করবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram