

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় একটি পিকআপসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই, ২০২৫) বিকেল ৪টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল ৫০ ঘনফুট অবৈধ বালু বোঝাই একটি পিকআপসহ মো. সিরাজ মিয়া (৪৫) নামের একজনকে আটক করে। তিনি উপজেলার পূর্ব চারগাঁও গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, এসব বালু উপজেলার দ্বীনের টুক মরাচেলা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক।
