

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের কাটালতলী এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি ইলেকট্রনিকস লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল আজিজ জানান, ছাদ দিয়ে ৬-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় বেঁধে আটকে রাখে। এরপর ঘরের চাবি নিয়ে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৬৮ হাজার টাকা, ৬ ভরি ১০ আনা স্বর্ণালঙ্কার এবং একটি সনি ব্র্যান্ডের ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতির সময় আমরা খুব ভয়ে ছিলাম। তবে আল্লাহর রহমতে কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়নি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

