

মানিকগঞ্জ প্রতিনিধি: রঙ ফর্সা করার নাম করে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ‘জিসান কসমেটিকস’ নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, ভুক্তভোগী এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল এবং রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। এসব পণ্যের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে ‘থাই’ ও ‘কোরিয়ান’ বলে প্রচার করে বিক্রি করতেন। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।
অভিযানকালে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

