ঢাকা
logo
প্রকাশিত : July 2, 2025

৪২ বছর বয়সে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে

লালপুর (নাটোর) প্রতিনিধি: পড়াশোনায় বয়স নয়, দরকার ইচ্ছা আর চেষ্টা, এই বাক্যটির জীবন্ত প্রমাণ হয়ে উঠেছেন নাটোরের লালপুর উপজেলার ৪২ বছর বয়সী আবদুল হান্নান। চায়ের দোকান চালিয়ে সংসার চালানো মানুষটি এবারে তাঁর মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

হান্নান পরীক্ষা দিচ্ছেন বাঘা কাকড়ামারী কলেজ থেকে। আর তাঁর মেয়ে হালিমা খাতুন (১৭) পরীক্ষা দিচ্ছেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। আবদুল হান্নানের বাড়ি উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর মহল্লায়। তিনি মৃত লাল মিয়ার ছেলে।

আবদুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু পাস না করায় হতাশ হয়ে লেখাপড়া ছেড়ে দেন। এরপর চায়ের দোকান দিয়ে জীবন চালাতে থাকেন। কিন্তু মনের ভেতরে লেখাপড়ার প্রতি একটা সুপ্ত টান থেকেই যায়। ২০১৯ সালের দিকে সেই টান আবার জোরালো হয়। কাউকে কিছু না জানিয়ে তিনি ২০২১ সালে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে (ভোকেশনাল) ভর্তি হন। দুই বছর পর তাঁর মেয়ে হালিমার সঙ্গে পরীক্ষায় বসে এসএসসি পাস করেন।

এবারের এইচএসসি পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আবদুল হান্নান বলেন, লেখাপড়ার কোনো বয়স হয় না। আমি চাই মাস্টার্স পর্যন্ত পড়তে। মেয়ের সঙ্গে প্রতিদিন পড়ি, আলোচনা করি, প্রতিযোগিতা করি। এতে ওরও ভালো হয়, আমারও।

মেয়ে হালিমা খাতুন বলেন, বাবার মেধা আছে, ইচ্ছাশক্তি আছে। সবচেয়ে বড় কথা, ওনার জেদ আছে। আমি গর্বিত যে আমার বাবা এখন আমার সহপাঠী।

হান্নানের প্রতিবেশী মোহাম্মদ আলী বলেন, শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়, এই কথাটা উনি নিজের জীবনে প্রমাণ করেছেন। উনি এখন সবার অনুপ্রেরণা।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। উচ্চশিক্ষার পথে তাঁদের পাশে উপজেলা প্রশাসন সব সময় থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram