

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় স্ত্রীকে চাকুরীর জন্য বিদেশে পাঠিয়ে স্ত্রীর পাঠানো সমুদয় টাকা আত্মসাৎ করে অন্যত্র বিয়ে করেছে স্বামী রাজু মিয়া (৪০)। এ ঘটনায় জামাতার ব্যাংক একাউন্ট জব্দসহ প্রতিকার চেয়ে সোমবার (৩০ জুন) সকালে প্রতারণার শিকার স্ত্রী মারুফার মা সখিনা বেগম পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
থানার সাধারণ ডায়েরি ও মারুফার পারিবারের অভিযোগ, পাইকগাছা উপজেলার গড়ুইখালীর রুস্তুম ফকিরের মেয়ে মারুফা খাতুনের সাথে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের অজিয়ার মিয়ার ছেলে রাজু মিয়া (৪০) এর। দাম্পত্য জীবনে তাদের ১৪ বছরের একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে রয়েছে।
এদিকে সংসারে অভাব-অনটনের কারণে স্বামী রাজু প্রায় ৩ বছর আগে স্ত্রী মারুফা বেগমকে বিদেশে পাঠায় চাকুরীর জন্য। এরপর বিদেশ থেকে স্ত্রীর পাঠানো সমুদয় টাকা আসে স্বামী রাজুর ব্যাংক একাউন্টে। গত প্রায় ৩ বছরে স্ত্রী মারুফা তাকে ২৬ লক্ষ ৭০ হাজার টাকা পাঠিয়েছে।
এই সুযোগে স্বামী রাজু মিয়া বিদেশে অবস্থানরত স্ত্রী কিংবা তার পরিবারের কাউকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেছে। বিষয়টি জানাজানি হলে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মেয়ে মারুফা তার মা-বাবাকে শ্বশুরবাড়ি রাজু মিয়ার বাড়িতে পাঠায়। তবে জামাই রাজু তাদেরকে বিয়ে কিংবা মারুফার পাঠানো টাকার বিষয় জানতে চাওয়ায় তাদেরকে খুন-যখমের হুমকি দেয়।
এ ঘটনায় মেয়ের কষ্টার্জিত টাকা ফেরত পেতে তার মা সখিনা বেগম জামাই রাজুর নামীয় রূপালী ব্যাংক গড়ুইখালী শাখার হিসাব নম্বরটি বন্ধ রাখাসহ টাকা সমুদয় টাকা ফেরৎ পেতে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, স্ত্রীর সাথে প্রতারণাপূর্বক বিদেশে থেকে তার পাঠানো টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাতের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
