

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের সীমান্তবর্তী দেশ ভারত নানা ষড়যন্ত্র করছেন। বাংলাদেশ যাতে বর্ডার এলাকায় পণ্য রপ্তানি বা আমদানি না করতে পারে সেজন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ভারত এখন যা চায় তা পায় না, এজন্য বাংলাদেশের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা সৃষ্টি করছে। এই বাধা সৃষ্টি করার কারণ হলো ভারতকে এখন সব দিয়ে দেওয়ার বন্ধু রাষ্ট্র নেই।
সোমবার (৩০ জুন) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, যারা সংখানুপাত নির্বাচনের কথা বলছেন, আবার নারী আসনের সরাসরি ভোটের কথা বলছেন, এদের মাথার ভিতরে আসলে কি আছে আল্লাহ জানেন, আমি জানিনা। তারা নির্বাচন পরিস্থিতিকে বানচাল করার জন্য চেষ্টা করছেন। নির্বাচনকে পিছনে ফেলার চেষ্টা করছেন। অনেক রাজনৈতিক দলের ৩০০ আসনের মনোনয়ন দেয়ার মত লোক নেই। ৩০০ আসনের মনোনয়ন দিলে অনেকের জামানত থাকবে না। এজন্য মনে করছেন যদি নির্বাচনকে বিলম্ব করা যায় তাহলে কিছু প্রার্থী পাওয়া যাবে এবং কিছু রাজনৈতিক দল হবে পরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ২০১৮ সালের নির্বাচনে নগরকান্দায় রাতের ভোট আয়োজন করা হয়েছিল, খবর পেলাম টুঙ্গিপাড়াতেও নাকি নির্বাচনের আগের দিন ভোট কেটে নিয়ে গেছে। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে আপনাদের নেতা জিলানী জয়লাভ করতে পারত। আওয়ামী লীগ নিজের লোকের কোন ভরসা রাখতে পারত না, তাই রাতের ভোটের আয়োজন করেন।
তিনি আরো বলেন, আজকে টুঙ্গিপাড়া উপজেলায় সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী করবে।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, বিএনপি ইতোমধ্যে রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য ৩১ দফা পেশ করেছে। আপনারা সবাই এই ৩১ দফা সম্পর্কে ধারণা রাখবেন। এই দফাগুলোই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন।
সমাবেশে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় নেতারা এসময় বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠ।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতারা কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসন থেকে (গোপালগঞ্জ-৩) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আগামী ২ বছরের জন্য মোঃ সালাহউদ্দিন শেখ ও শেখ মনিরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুকে ঘোষণা দেওয়া হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর টুঙ্গিপাড়ার মাটিতে এই প্রথম বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। সম্মেলনস্থল টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সড়কে সড়কে নির্মাণ করা হয় তোরণ, টাঙানো হয় নানা ধরনের ব্যানার ও ফেস্টুন।
