ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৭
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

বরিশাল স্টেডিয়ামে বিপিএল হবে: বিসিবি সভাপতি বুলবুল

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ‎বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘মেধাবী ক্রিকেটাররা উপজেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকায় খেলবে। এরপর বাংলাদেশ দলে খেলবে। এটা আমাদের স্বপ্ন।’ তার মতে, এই স্বপ্ন পূরণ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্টকহোল্ডারদের। এ জন্য সকলের সহযোগিতা চাইলেন বুলবুল। এ পরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ রবিবার সকাল ১১টায় বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়ামে শিশুদের ক্রিকেট লিগসহ বিভিন্ন ধরনের খেলার উদ্বোধন অনুষ্ঠান পূর্ব বক্তৃতায় বুলবুল এসব কথা বলেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘২৯ দিন হলো ক্রিকেট বোর্ডে এসেছি। এ কারণে কোনও প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে বরিশাল স্টেডিয়ামে বিপিএল হবে। আমি চাচ্ছি বরিশাল বিভাগকে অ্যাকটিভ ক্রিকেট হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

গত ১৫ বছর ধরে বরিশালে ক্রিকেট লিগ হয় না জানতে পেরে অবাক বুলবুল। বরিশালে বেড়ে ওঠা কয়েকজন তারকা ক্রিকেটারের উদাহরণ টেনে তিনি জানান, লিগ না হওয়ায় দেশের হাজার হাজার ক্রিকেটার নষ্ট হচ্ছে। এই সমস্যার সমাধানে বুলবুল সকলের সহযোগিতা চান।

এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে শিশুদের ক্রিকেট লিগসহ বিভিন্ন ধরনের খেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়।

বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাশরিকুল ইসলাম টোটাম বলেন, ‘প্রথমবারের মত বিসিবির সভাপতি বরিশাল আগমনে তার কাছে একটাই চাওয়া মাঠে ক্রিকেট লিগের। যাতে করে বরিশাল থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি করে জাতীয় দলে দিতে পারি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দল ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে বিপিএলের ২ থেকে ৩টি খেলা দেওয়া হলে সেখান থেকে বিসিবি বড় অংকের লাভ তুলতে পারবে। এ জন্য আমার পক্ষ থেকে সভাপতিকে বারবার বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি সভাপতি আগামী বছর অনুষ্ঠিত বিপিএলের খেলা বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ নেবেন।’

বিসিবির সাবেক পরিচালক আসাদুজ্জামান খসরু বলেন, ‘গত ১৫ বছর ধরে স্টেডিয়াম উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। সেই লুটপাট এখনও চলমান রয়েছে। কাজের মান নিয়ে অভিযোগের যেন শেষ নেই। কিন্তু ঠিকাদার তার টাকাটা ঠিকমতই পাচ্ছেন। আর তাদের নিম্নমানের উন্নয়নের কারনে সকল ধরনের লিগ বন্ধ রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এ থেকে বের হয়ে মাঠ সংস্কার করে সকল ধরনের লিগ সচল করতে হবে। বিশেষ করে ক্রিকেট লিগের প্রতি সকলের আগ্রহ বেশি। এ কারণে সভাপতির কাছে আমাদের আবেদনটা ছিল দ্রুত সময়ের মধ্যে আঞ্চলিক ক্রিকেট লিগ শুরু। এরপর পর্যায়ক্রমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট লিগের আয়োজন করা।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram