ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

বরিশালে চাঁদা দাবির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ‍দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ জুন) দুপুরে বন্দরের সহস্রাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

ওই বন্দরের চাল ব্যবসায়ী কালাচাঁন মন্ডল অভিযোগ করে বলেন, টরকী বন্দরের বাসিন্দা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার শফিকুর রহমান রেজাউল গত কয়েকদিন থেকে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে পুনরায় রেজাউল তার দুই সহযোগীকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দাবিকৃত চাঁদার টাকা চায়। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে (কালাচাঁন) হত্যার হুমকি দেয়।

কালাচাঁন মন্ডল আরও জানান, বিষয়টি তাৎক্ষনিক বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়। পরবর্তীতে সব ব্যবসায়ীরা একজোট হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে টরকী বন্দর বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে বেলা সাড়ে বারোটার দিকে চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি টরকী বাসস্ট্যান্ডে এসে মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধের ফলে উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেজাউল সিকদারকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। টরকী বন্দরের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করেন, টরকী বন্দরে দীর্ঘদিন থেকে একটি অসাধু চক্র ব্যবসায়ীদের নানাভাবে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। ব্যবসায়ীরা অবিলম্বে এ ধরনের কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে অভিযুক্ত সিকদার শফিকুর রহমান রেজাউলের বাসার সামনে গিয়ে দেখা গেছে, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)'র গৌরনদী উপজেলা শাখার প্রধান কার্যালয়ের একটি ব্যানার ঝুলানো রয়েছে।

চাঁদা দাবির অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রেজাউল সিকদার সাংবাদিকদের জানান, জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে তার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবসায়ী কালাচাঁন মন্ডলকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram