ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

৩০০ টাকা ভাড়া না পেয়ে ধর্মঘটে স্পিডবোট মালিকরা

পাবনার কাজিরহাট-আরিচা নৌপথে ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া না মানায় স্পিডবোট সেবা বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন বোট মালিকরা। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে এই নৌপথে কোনো পার থেকেই বোট চলছে না। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

সংশ্লিষ্টদের অভিযোগ, অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য ঈদযাত্রায় যাত্রীদের জিম্মি করতেই এ ধরনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তথ্য বলছে, ২০১৮ সালে সবশেষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১৫০ টাকা করে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। এরপর আর সরকারিভাবে ভাড়া নির্ধারণ করা হয়নি। বোট পরিচালনা ব্যয় ও যাত্রী স্বার্থ বিবেচনায় বিআইডব্লিউটিএ ও বোট মালিকরা মৌখিকভাবে নির্ধারণ করে এতোদিন ভাড়া আদায় করেছে। এরপর চলতি বছরের ৯ এপ্রিল আরিচা-কাজিরহাট নৌপথে স্পিডবোটের যাত্রী ভাড়া ২১০ টাকা নির্ধারণ করে বিআইডব্লিউটিএ। কিন্তু এ ভাড়া নীতিমালাও পুরোপুরি মানেননি বোট মালিকরা। এখন আবার ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া আদায়ের অনুমোদন দাবি তাদের।

এ ব্যাপারে বোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন বলেন, মালিক সমিতির পক্ষ থেকে আমরা বোট বন্ধ রাখিনি। মালিকরা লোকসানের জন্য নিজ উদ্যোগে বন্ধ রেখেছেন। আমরা মালিকদের পক্ষ থেকে এর আগে বিআইডব্লিউটিএকে বলেছিলাম, ঈদযাত্রায় একপাশ থেকে খালি বোট যায়। ফলে লোকসানের হার বাড়ে। তাই শুধুমাত্র ঈদযাত্রায় ৩০০ টাকা করে ভাড়া আদায়ের অনুমোদন দেওয়া হোক। এ নিয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবর একটি আবেদনও পাঠিয়েছিলাম। প্রতি ট্রিপে সাড়ে তিন থেকে ৪ হাজার টাকা খরচ হয়। এগুলোতো কর্তৃপক্ষের বিবেচনায় রাখা উচিত। কিন্তু আমাদের ব্যবসায়ীদের কোনো কথাই তারা রাখেননি। এরপর আমরা মালিকদের বলেছি, নির্ধারিত ভাড়ায় সম্ভব হলে চালাতে। সেটি সম্ভব না হওয়ায় তারা নিজ উদ্যোগে আরিচা ও কাজিরহাট উভয় পার থেকেই বোট বন্ধ রেখেছেন।

বিআইডব্লিউটিএর নগরবাড়ি-কাজিরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন, লাভ লোকসান সমস্ত বিষয় বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবুও তারা লোকসানের অজুহাতে ভাড়া বেশি দাবি করছে। যেটি বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ নিয়ে কয়েক দফায় আমরা মালিকদের সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্যদের নিয়ে মিটিং করেছি। তবুও তারা বোট বন্ধ রেখেছেন। এটি স্পষ্ট সরকারি আইন লঙ্ঘন। আমরা এখান থেকে সরাসরি রুট পারমিট বাতিল করতে পারি না। ফলে এ ব্যাপারে আমি ঊর্ধ্বতনদের কাছে প্রস্তাবনা রাখবো, নিয়ম মানছে না এমন বোটগুলোর রুট পারমিট স্থায়ীভাবে বাতিলের।

ঈদযাত্রায় তেমন অসুবিধা হবে না জানিয়ে তিনি বলেন, আমাদের লঞ্চ-ফেরি সবই পর্যাপ্ত রয়েছে। এগুলোতে অনায়াসে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।

এর আগে ৯ এপ্রিল আরিচা-কাজিরহাট নৌপথে স্পিডবোটের যাত্রী ভাড়া ২১০ টাকা নির্ধারণ করে দিলেও একে উপেক্ষা করে ২৫০ টাকা ভাড়া ও ঘাটে প্রবেশ ফি ৫ টাকাসহ মোট ২৫৫ টাকা করেই আদায় করছিলেন বোট মালিকরা। এ নিয়ে সংবাদও প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসন। চাপের মুখে সাময়িকভাবে ২১০ টাকা করে ভাড়া আদায় করলেও ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া আদায়ের অনুমোদন না দিলে বোট বন্ধ রাখার হুঁশিয়ারি দেন বোট মালিকরা। এরপর গত সোমবার (২ জুন) সন্ধ্যা অবধি বোট চালালেও মঙ্গলবার সকাল থেকেই ধর্মঘটে রয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram