ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪১
logo
প্রকাশিত : মে ২৯, ২০২৫

ভারীবর্ষণ ও প্রবল জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘনীভূত হওয়ায় ভারীবর্ষণ, প্রবল জোয়ার ও বাতাসের কারণে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে গেছে। একইসাথে গত ৩৬ ঘন্টা ধরে হাতিয়ার সাথে সারাদেশের সব যোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়ার মূলভূমি থেকে বিচ্ছিন্ন এবং মেইন ল্যান্ডের সাথে যুক্ত চেয়ারম্যান ঘাটে আটকাপড়া পাঁচ শতাধিক যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, নিঝুম দ্বীপ ইউনিয়ন, নলচিরা নৌঘাট এলাকা, তমরোদ্দি লঞ্চঘাট, বাংলাবাজার ঘাট, চরচেঙ্গা ঘাট এবং হরনী ইউনিয়নের চতলা ঘাটসহ চানন্দী ইউনিয়নের নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে গেছে। পুকুরের মাছ জোয়ারের সাথে ভেসে গেছে, নদীর তীরে ছোট ছোট চা-দোকানীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এছাড়া গতকাল সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে হাতিয়াগামী তাসরীফ-১ লঞ্চটি প্রবল বাতাসের কারণে তিন এলাকার প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে নোঙর করতে বাধ্য হয়েছে। এর আগে অন্য আরেকটি লঞ্চ তাসরিফ-১ লঞ্চকে ধাক্কা দিলে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় বলেও খবর পাওয়া যায়।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম জানান, ভারীবর্ষণ, প্রবল জোয়ার এবং বাতাসের কারনে নিঝুম দ্বীপের নামার বাজার এবং নৌঘাট এলাকা প্লাবিত হয়ে যায়। বন্দরটিলা বাজারেরও কাছাকাছি পানি উঠে যায়। এতে মানুষের পুকুরের মাছসব ভেসে যায়, রাস্তা-ঘাট এখনো পানির নিচে তলিয়ে রয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান। তমরোদ্দি ঘাট এলাকাও পানিতে নিমজ্জিত বলে জানান আব্দুল্লা আল মাসুম নামের এক শিক্ষক।

নলচিরা নৌঘাট এবং আফাজিয়া বাজারের পূর্বাংশ জোয়ারে প্লাবিত হওয়াসহ ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন রুবেল মাঝি নামের একজনে। তিনি আরো জানান, গতকালের জোয়ার এবং বাতাসে ছিদ্দিক সারেং নামের এক ক্ষুদ্র চা-দোকানীর মালামাল ও দোকান ভেসে যায়। এতে দোকানীর ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান রুবেল মাঝি।

এদিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ইরাক নামের এক ব্যবসায়ী জানান, গতরাত থেকে এ পর্যন্ত প্রায় পাঁচশ' যাত্রী হাতিয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্নস্থান থেকে এসে আটকা পড়ে। নৌযোগাযোগ বন্ধ থাকায় তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘসময় ধরে।

নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় সব নৌযোগাযোগ বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সাগরে নিম্নচাপজনিত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং চেয়ারম্যান ঘাটে আটকাপড়া যাত্রীদের বিষয়েও খোঁজ নিবেন বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram