ঢাকা
logo
প্রকাশিত : May 29, 2025

বদলগাছীতে হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কর্পেটিং করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ছোট বাচ্চা থেকে শুরু করে যে কেউ হাত দিয়ে টান দিলেও কার্পেটিং উঠে আসছে। সংস্কারের পরই কার্পেটিং উঠে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, মানহীন ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সড়কের এমন বেহাল অবস্থা। শুধু তাই নয়, গেল কয়েকদিনের বৃষ্টি চলাকালীন সময় সড়কের জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করেই চলেছে পিচ ঢালাই এর কাজ। নিম্নমানের সংস্কার কাজের ফলে চলতি বর্ষা মৌসুমেই এই সড়কটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশংকা স্থানীয়দের।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালপুর পাকা সড়ক(এক্সেন হাউজ) হাসিমপুর পাকা সড়ক উন্নয়নের ৭৩০ মিটার কাজটি ৫০ লাখ ৯৪হাজার ৮৭৩ টাকা সাতশত পঞ্চাশ পয়সা চুক্তিমূল্যে কাজটি পায় পোরশা উপজেলার মতিউর রহমান নামে ঠিকাদার। পরে কাজটি কিনে মান্দা উপজেলার শহিদুল ইসলাম আর কাজটির দেখভালের দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন।

সরেজমিনে ২৮শে মে বুধবার বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার কার্পেটিং বিভিন্ন যায়গায় উঠানো। ছোট্ট বাচ্চাদের দেখা যায় কার্পেটিং তুলে খেলা করছে।

রাস্তার কাজের ব্যপারে জানতে চাইলে স্থানীয়রা বলেন, গত ২৫শে মে রবিবার থেকে রাস্তার কার্পেটিং এর কাজ করতে শুরু করে ঠিকাদার। শুরু থেকে ধুলোবালি ঠিকমতো পরিষ্কার করেনি, রাস্তায় বিটুমিনের আবরণ নেই, এর মাঝে বৃষ্টির মধ্যে সড়কটিতে নিম্নমানের কাজ হচ্ছিল। বাধা উপেক্ষা করে অফিসের লোকজনকে ম্যানেজ করে ঠিকাদার কাজ অব্যাহত রাখেন।

স্থানীয়রা জানান, বৃষ্টির মাঝেই রাস্তার কাজ করা হয়েছে। চটের বস্তা দিয়ে রাস্তার পানি মুছে তারপর পিচ ঢালাই করা হয়েছে। আমরা অশিক্ষিত মানুষ, আমরাই জানি বৃষ্টির মধ্যে পিচ ঢালাই করলে সেটা থাকে না। পানিতে পিচ ঢালাই করলে সেটা যে থাকবে না, এটা কি কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়াররা জানে না!

মোটরসাইকেলে সড়ক দিয়ে যাচ্ছিল জামায়াতের নেতা আহসান হাবীব তার সাথে কথা হলে তিনি বলেন, হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। কতটা দুর্নীতি ও অনিয়ম হলে সড়কটির এমন পরিণতি হয়। সড়কটি সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, তাই হাতের টানেই উঠে যাচ্ছে।

এ ব্যাপারে রাস্তার কাজে তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, শেষ গাড়িতে মিক্সিং একটু সমস্যা হয়েছিলো। আর বৃষ্টির মধ্যে কাজ করার জন্য ১৫ মিটারের মতো সড়কে সমস্যা হয়েছে। আমি মিক্সিং সাইটে ছিলাম।

স্থানীয় এক গৃহবধূ বলেন, রাস্তাটি দীর্ঘদিন পর নির্মাণ হয়েছে। কিন্তু ঠিকাদার ও কর্তৃপক্ষের কারসাজিতে রাস্তাটিতে নিম্নমানের কাজ করেছে। তাই রাস্তাটি ভেঙে পড়ছে। রাস্তায় কাজের সময় পিচ ঠিকমত দেয়নি। কোনো রকম করে হালকাভাবে পিচ দিয়ে কার্পেটিং করা হয়েছে। তাই এই কার্পেটিং শক্ত হয়নি। হাতের টানেই এই কার্পেটিং উঠে যাচ্ছে।

নিম্নমানের কাজের ব্যাপারে জানতে ঠিকাদার শহিদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।

এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহিনূল ইসলাম বলেন, ঠিকাদারের একটু সমস্যা হয়েছে এটা শুনেছি। আর আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের সাথে কথা বলেছি, ঠিকাদার পুনরায় কাজ করে দিচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram