ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

বিজিবির অভিযানে ৫৩ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ৫৩ লাখ ৭৭ হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাঁজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি ও মোটরসাইকেল।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন- হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধীনস্থ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত একটি আকস্মিক অভিযানে ৪৪ লাখ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও আতশবাঁজি আটক করে জব্দ করা হয়।

এছাড়াও চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপি ও মাধবপুর উপজেলাধীন রাজেন্দ্রপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এ সকল আকস্মিক অভিযানে ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি, মোটরসাইকেল আটক করে জব্দ করা হয়েছে।

বর্ণিত অভিযানের মধ্যে গুইবিল এবং রাজেন্দ্রপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে বিজিবি’র টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চৌকস সদস্যরা এ সকল আকস্মিক অভিযান পরিচালনা করে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশরোধে আমাদের সদস্যরা দিনরাত টহল দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকার জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে এবং চোরাচালানরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি।

উল্লেখ্য যে, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram