ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

আশাশুনিতে কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙ্গে ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে কপোতাক্ষ নদে রক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্রায় ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়ে গেছে। প্লাবনের ফলে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী।

বুধবার (২৮ মে) দুপুরে জোয়ারের তোড়ে রিং বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়।

দরগাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের তীরে রিং বাঁধ ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থেকে এই রিং বাঁধের দূরত্ব থাকায় বিস্তর এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪শ বিঘার অধিক জমির মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা।

স্থানীয় রহমত আলী জানান, দুপুরে জোয়ারের তোড়ে আমার বাড়ীর পাশ থেকে অনেক খানি জায়গা এক বারে ভেঙ্গে পানি ঢুকে পড়ে। রাতের জোয়ার আসার আগে এই ভাঙ্গন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙ্গে গিয়ে ইউনিয়নের অনেক এলাকা ডুবে যেতে পারে।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এটা মূলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রিং বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবোসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram