ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৬
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

শরীয়তপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুল শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামের এক উচ্চ বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করে আসছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন সাহার সাথে কাকাতো ভাই ও প্রতিবেশী ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সেই বিষয় নিয়ে আবার দুপরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে শান্তিরঞ্জন সাহার দোকানের কর্মচারী লোকমান হোসেন শিক্ষক সুজন সাহার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই মারা যায় তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরবর্তীতে সুজন সাহার পরিবার শান্তিরঞ্জন সাহার বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, তাদের কাকাতো ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ছিলো। ঝগড়ার একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথেই তিনি মারা যান। বিষয়টি খুবই দুঃখজনক। সহকর্মীর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর বিষয়ে এখন নিশ্চিত হইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram