

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চালানো এ অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রাম ও ইউনিয়নের জলিল শেখের ছেলে জাহিদুল (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫) এবং মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০)। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, দু’টি গুলি, ১০টি রামদা, দু’টি ছ্যান দা, ৩টি চায়নিজ কুড়াল, ৭টি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), ৫টি টোটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলার নড়াগাতী থানার ওসি শরীফুল ইসলাম বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে।
