

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।
মৃতের বোনাই মো.আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তালা বাজারে গিয়েছিল সেলিনা। পরে রাতে বাড়িতে ফিরে আসেনি৷অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর রাতে পাওয়া যায়নি৷আজ সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ সনাক্ত করি।
কালভার্টের নিচে লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
