

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামির ভাড়া বাসা গৌরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে ও ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ৷
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে অভিযান পরিচালনা করে মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ৩টি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাসহ মোট ৯টি মামলা রয়েছে৷
