ঢাকা
logo
প্রকাশিত : April 17, 2025

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ট্রাকসহ ৯ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি, থানকাপড়, সিরামিক পাউডার ও পোস্তদানা ভর্তি দেবহাটার মালিকের ট্রাকসহ ৯ কোটি টাকার বিপুল পরিমাণ বিভিন্ন মালামাল আটক হয়েছে। সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানকারীকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত ট্রাকসহ মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, একটি চোরাচালান চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় সংলগ্ন লস্কর ফিলিং স্টেশনের সামনে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরাচালানকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। যার নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে উক্ত ট্রাক থেকে ২২৬১ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৮৯৯১ গজ জর্জেট টিস্যু থান কাপড়, ২১০০ কেজি পোস্তদানা, ৮০০ কেজি জীপসাম পাউডার ও ৮৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করেন। জব্দকৃত ট্রাকসহ উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে বিজিবি জানায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র মতে জানা গেছে, আটক ট্রাকটির মালিক দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। শরিফুল গত ৪ মাস আগেও পোল্ট্রি মুরগির ব্যবসা করতো। অথচ এলাকাবাসী জানায়, শরিফুল কিছুদিন পূর্ব থেকে আলাদিনের চেরাগ পেয়েছে। যার কারনে সে তার কোমরপুরে ৩ তলা বাড়ি বানাচ্ছে। এছাড়া গত ৪/৫ দিন আগে সে একটি দামী মোটরসাইকেল ও ২টি ট্রাক কিনে নিয়ে এসে বাড়ির সামনে রেখে এলাকাবাসীকে দেখায়। রাতারাতি এত টাকা সে কোথা থেকে পেল এটাই প্রশ্ন এলাকাবাসীর। আটককৃত মালামালগুলো শুল্ক ফাকি দিয়ে ভুয়া এলসির মাধ্যমে এনে ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram