

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন।
কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ কর্মসূচি হয়েছে।
মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে বিশ্বরোডে। পরে সেখানে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্বরোড থেকে শুরু হয়ে পৌরবাজার এলাকার আহাম্মদীয়া প্লাজা সংলগ্ন এলাকায় বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতাকর্মীসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
