

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পল্লী চিকিসৎকের নিজ চেম্বারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার ১০দিন পেরিয়ে গেলেও ধর্ষক গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে এ মানববন্ধন করা হয়। মানবনবন্ধন থেকে ধর্ষককে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন বক্তারা।
মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন- সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন, বাজার জামে মসজিদের ইমাম ফজলুল হক, খাইরুল হাসান প্রমুখ।
জানা যায়, গত ২৪ মার্চ মহানন্দপুর বাজারের মেসার্স মাহমুদা মডেল মেডিসিন শপের মালিক মঞ্জুরুল বারী মজনু তার চেম্বারে এক গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ২৪ মার্চ সখীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় বাজার বণিক, সমাজ ও এলাকাবাসী এ মানববন্ধন করেন।
