

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্বাধীনতার ৫৪ বছর পর একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। দীর্ঘ সময় পর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তিন ইউনিয়নের প্রায় অর্ধ লাখ মানুষের। ব্রীজটি নির্মাণ হলে বদলে যাবে ওই এলাকার দৃশ্যপট। রবিবার (৯ মার্চ) উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ও মায়ানী ইউনিয়নের জয়নগর গ্রামের খালের উপর দোয়া মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি’র সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ।
এসময় উপস্থিত ছিলেন বিএডিসি মিরসরাই (ক্ষুদ্র সেচ) উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন, উপজেলা বিএনপির সদস্য বদরুদৌজা চৌধুরী, বিএনপি নেতা আইয়ুব আলী, জামায়াত নেতা এডভোকেট আমীর হোসেন, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাত খানসহ বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় অসিম জলদাস জানান, বুদ্ধি বয়সের পর থেকে আমরা দুঃখ দুর্দশায় যাতায়াত করছি এই বাঁশের সাঁকো পার হয়ে। আমরা বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে এই সাঁকো দিয়ে প্রতিনিয়ত চলাচল করি অনেক কষ্টে। বিকল্প পথে যেতে হলে অনেক সময় মাছ নষ্ট হয়ে যায়। এখানকার জেলেদের একমাত্র চলাচলের সড়ক এটি। এছাড়া জেলেদের একমাত্র আয়ের উৎসও মাছ শিকার। তাই এই সাঁকো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবী এই খালের উপর একটি ব্রীজ নির্মাণের। অবশেষে বর্তমান সরকার ব্রীজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
কৃষক আব্দুল কাইয়ুম বলেন, বহুবছর ধরে একটি ব্রীজ হবে শুনে আসছি। ৫ বছর পর পর নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা ব্রীজ নির্মাণের ওয়াদা দেন। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হলে আর খবর নেন না। ব্রীজটি নির্মাণ আমাদের জন্য অনেক আনন্দের। আশা করবো দ্রুত নির্মাণ কাজ বাস্তবায়ন হবে।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এই বাশের সাঁকো দিয়ে চলাচল করতো। ফ্যাসিস্ট হাসিনার আমলে এই সেতুর কোন কাজ হয়নি। পাঁচ আগস্টের পরে দেশের অনেক পরিবর্তন এসেছে। অবহেলিত কাজগুলো বিএনপি হাতে নিয়েছেন। শীঘ্রই বাসের সাঁকোটি সেতুতে রূপান্তরিত হবে।
বিএডিসি’র সিনিয়র সহকারি প্রকৌশলী তমাল দাশ জানান, ৩৩ মিটার দৈর্ঘ্যর ব্রীজটি নির্মাণে প্রথম ধাপে বাজেট হয়েছে ৮০ লাখ টাকা। ব্রীজটি নির্মাণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে ৩ মাস। কোন ধরনের দুর্যোগ না হলে নির্ধারিত সময়ের মধ্যে ব্রীজ নির্মাণ সম্পন্ন হবে।

