

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম থানা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রাজন উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজন দীঘিনালা থানায় দায়ের করা রাজনৈতিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘বুধবার দিবাগত রাতে রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ পাহাড়ায় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
