

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পাশে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা ছিন্নভিন্ন অবস্থায় ছিল। ধারণা করছি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। বেশভূসায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরে খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নাম-পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মহিলাটি মানসিক ভারসাম্যহীন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, ওই নারীর মাথা একেবারে থেতলে গেছে। সম্ভবত ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

