

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০২ মার্চ) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাভুক্ত ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক বলেন, দীঘিনালা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার কয়েকটি এলাকার শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে রমজানের শুরুতেই সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের সাধারণ জনগণ।

