

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় এমাল ডুবাই নামের এক মুদি দোকানীকে নৌবাহিনীর পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৬ ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে ৪ জনের নাম প্রকাশ করে হাতিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এর আগে গতকাল রাত আটটার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ রোড থেকে নাজিম উদ্দিন এমাল ডুবাইকে ধরে বাংলাবাজার নদীর ধারে নিয়ে যায়। বিষয়টি চারোদিকে জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন হাতিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযানে নামে। অপহৃত নাজিম উদ্দিন এমাল হাতিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত মো: হোসেনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয়দের থেকে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে কলেজ রোড থেকে চারটি মোটরসাইকেল যোগে একটি অপরাধচক্র এমাল ডুবাইকে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে অপহরণকারীরা এমাল ডুবাই থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা পুলিশ জানারপর অভিযান চালিয়ে রাত ৩ টার দিকে তাকে উদ্ধার করে। এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলের কাছাকাছি এরিয়া থেকে পুলিশ অপহরণকারীদের দু'জনকে আটক করে। আটককৃতরা হলেন- হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমান ও মো: জহির উদ্দিন। এজাহারে উল্লেখিত অপর দু'জন অপহরণকারী হলেন- নিঝুম দ্বীপের আনোয়ার হোসেনের ছেলে মো: জামসেদ ও নলচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে রুবেল উদ্দিন ওরপে রুবেল মাঝি।
এ বিষয়ে হাতিয়া থানা তদন্ত ওসি খোরশেদ আলম জানান, অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
