

কক্সবাজার প্রতিনিধি: মধ্যরাতে বসত ঘরে ঢুকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন ভূক্তভোগী নারী।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ১ কক্সবাজার এ মামলাটি দায়ের করেন ভিকটিম জাহেদা বেগম। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের বাসিন্দা আবদুল গাফফারের স্ত্রী। একই মামলায় চকরিয়া থানার এসআই মোঃ শফিকুল ইসলাম রাজাসহ মোট ৫ জনকে আসামি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী তৈয়বুল আলম জানান, বিচারক মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ওসি মনজুর কাদের ভূঁইয়া চকরিয়া থানায় যোগদানের পর থেকে বিভিন্ন স্তরের নিরীহ জনগণকে হয়রানি করে আসছেন। এর ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি তার দেবরকে আটক করে জামিনযোগ্য ধারায় চালান দেয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। কিন্তু ভিকটিম টাকা না দেয়ায় গভীর রাতে বসত ঘরে ঢুকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন ওসি।
তবে অভিযুক্ত ওসি মনজুর কাদের ভূঁইয়া এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি।
