

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এমন স্লোগান লিখা সংবলিত বিদ্যুৎ বিল এখনো কুমিল্লা তিতাস উপজেলার ৩৮ হাজার গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ তিতাস সাব জোনাল অফিস। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গ্রাহকদের অভিযোগ, তিতাস উপজেলার বাতাকান্দি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এখনো শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী দুষ্টুচক্র বসে আছেন। দ্রুত এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের।
জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার দেশ ত্যাগের পর সব কিছুর পরিবর্তন হলেও তিতাস পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কোনো পরিবর্তন হয়নি। তারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রতি মাসের বিদ্যুৎ বিলে উপজেলার ৩৮ হাজার গ্রাহকদের কাছে শেখ হাসিনার বার্তা পৌঁছে দিচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার এজেন্ডা বাস্তবায়নকারী তিতাস উপজেলা বাতাকান্দি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দুষ্টুচক্র রয়ে গেছে। এদিকে পার্শ্ববর্তী হোমনা ও মেঘনা উপজেলায় পরিবর্তন হলেও তিতাস উপজেলায় রহস্যজনক কারণে পরিবর্তন করছেনা বলে স্থানীয়রা ধারণা করছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জি.এম নুরুল হোসাইন বলেন, স্লোগানটি পরিবর্তন করার জন্য টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার পেলে পরিবর্তন করা হবে।
