

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘ফেনী সাহিত্য সভা’র উদ্যোগে ‘ফেনী সাহিত্য সম্মেলন-২০২৫’ এই উপলক্ষে ফেনী জেলায় জন্মগ্রহণকারী জাতীয়ভাবে প্রতিষ্ঠিত দশজন গুণী লেখককে সম্মাননা প্রদান করা হয়। এতে লেখালোখিতে বিশেষ অবদান রাখার জন্য কবি আরিফ মঈনুদ্দীন ‘গুণী লেখক সম্মাননা-২০২৫’ স্মারক গ্রহণ করেন।
কবি আরিফ মঈনুদ্দীন ১ জানুয়ারি ১৯৬১ সালে ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলায় ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানকার দুধমুখা বাজার থেকে সেবারহাট রোডে এক কিলোমিটারের মাথায় মুন্সী পাড়ায়, চন্ডিপুর মুন্সী বাড়িতে। ওই এলাকার দুধমুখা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি এবং পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুজিব মহাবিদ্যালয় থেকে ১৯৭৮ সালে এইচএসসি পাস করেন।
অতঃপর ফেনী সরকারি কলেজে বি.কম ক্লাসে এক বছর অধ্যয়ন করেন। তারপর ফেনী কলেজের পাঠে ইস্তফা দিয়ে ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকেই ১৯৮২ সালে বাণিজ্যে মার্কেটিং বিষয়ে সম্মানসহ স্নাতক এবং ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তাঁর মোট ২৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে কাব্যগ্রন্থ ১২টি, গল্পগ্রন্থ ৫টি এবং উপন্যাস ১০টি।

