

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ০৬ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়াও সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘অপারেশন ডেভিট হান্ট’ এর আওতায় উপজেলার বোয়ালখালী বাজার, কবাখালী বাজার, জামতলী বাজার ও লারমা স্কোয়ার এলাকায় মূল সড়কে যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল দিয়েছে দীঘিনালা থানা পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।
