ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৫

শরীয়তপুরে মা ও সৎ বাবার নির্যাতনে ১৬ মাসের শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় আপন মা ও সৎ বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে ১৬ মাস বয়সী শিশু আরিফার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাজিরার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত শিশু আরিফা (১৬ মাস) তার মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদের সাথে এক মাস আগে থেকে স্থানীয় ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া ঘরে বসবাস করতো। নিহত শিশুটির মা চাঁদনী আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, "শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।"

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়, এতে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। এরপর গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায়।

প্রতিবেশীরা জানান, শিশুটির কান্নার শব্দ প্রায়ই শোনা যেত। তারা একাধিকবার জানতে চাইলে মা চাঁদনী বিষয়টিকে শাসনের নামে এড়িয়ে যেতেন। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করেছি। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram