ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2025

কচুয়ায় আগুনে পুড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় স্কুলে পড়তে গিয়ে আগুনে দগ্ধ হয়ে শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় এবার প্রধান শিক্ষক মাসুদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন। এর আগে ওই স্কুলটির ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া। গত ২১ জানুয়ারি স্কুলে খেলার সময় দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জানুয়ারি মৃত্যু হয় সামিয়ার।

এ ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে চরম গাফিলতির কারণে ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত, দপ্তরির চুক্তি স্থগিত ও প্রধান শিক্ষককে সাময়িক দরখাস্ত করার জন্য চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়।

এর প্রেক্ষিতে গতকাল ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসের মামলার শুনানী শেষে প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তাঁরা স্কুলে নিয়মিত উপস্থিত হলেও ক্লাস নিতে পারবেন না। তাদের স্থলে অন্যত্র থেকে ৫ জন শিক্ষক দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুরে ছুটির পর তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল সামিয়া। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ময়লার স্তূপে আগুন লাগায় স্কুলটির দপ্তরি। এটি দেখতে পেয়ে সেখানে গিয়ে আরেক শিশু শিক্ষার্থীর সঙ্গে খেলছিল সামিয়া। একপর্যায়ে সামিয়ার পোশাকে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয় সে।

সামিয়ার পরিবারের অভিযোগ, সামিয়ার গায়ে আগুন লাগার পরপর তার গায়ে পানি দেননি বা আগুন নেভানোর চেষ্টা করেননি শিক্ষকেরা। এতে সে আরও বেশি দগ্ধ হয়। সামিয়াকে ওই অবস্থায় তাঁর বড় বোন লামিয়ার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন তাঁরা। এরপর সামিয়াকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যেরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি মারা যায় সামিয়া।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চাঁদপুরের ১ হাজার ১৫৬টি সরকার প্রাথমিক বিদ্যালয় সচেতনতামূলক বার্তা পাঠিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের সচেতন থাকার আহবান জানানো হয়েছে এতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram