

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকছড়ি থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজ কে গ্রেফতার করা হয়।
আটক মোস্তাফিজ উপজেলার মুসলিমপাড়া এলাকার আবুল কাশেম কারিগরের পুত্র বলে জানা গেছে।
মানিকছড়ি থানার এসআই (নি.) সুমন কান্তি দে জানান, আটককৃত ব্যক্তি ২১ জানুয়ারি, মামলার নং-০২, ২০১৯; জি আর নং-২৯/১৯, ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর ৫ বছরের শিশুকে ধর্ষণের অপরাধের ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

