ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে। রাতেই তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহত কে এম সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বিল্লাল খলিলাফার বড় ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কে এম সাকিব জানান, রাতে ঘষিয়াখালী থেকে মল্লিকেরবেড় যেতে খেয়াঘাটে গেলে ঘাটের ট্রলার মালিকরা বলেন, জাহিদ ট্রলার চালাতে নিষেধ করছে। তখন বিষয়টি জানতে গেলে, জাহিদের লোকজন শাওন, রনি, সবুজ, তুহিন, মারজান ও রাফি আমার উপর হামলা করে। তাদের মারধরে আমার মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায়। জাহিদুল ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আওয়ামী আমল থেকে ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটটি দখল করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এর আগেও আমাকে তারা প্রাণনাশের হুমকি দিয়েছিল।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সংকটমুক্ত।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চলছে। তবে অভিযুক্ত বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলায় হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আহত সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram