

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়ায় গভীর রাতে জানালার গ্রীল কেটে গৃহে প্রবেশ করে হাত, পা ও চোখ বেঁধে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্ত ডাকাত দল। মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যরাতে গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গেলে বাড়ির মালিক মো. আবু তাহের জানান, আমার তিন ছেলের মধ্যে দুই ছেলে ওমান প্রবাসী। বাড়ীতে আমার এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও পুত্রবধু নিয়ে বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে দরজা জানালা বন্ধ করে উপরের তলায় ঘুমাতে যাই। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখি ১০-১২ জন দুর্বৃত্ত ডাকাত দল। তাদের মধ্যে ক'জন আমার পুত্রবধু ও নাতির গলায় ছুরি ধরে রেখেছে। ২জন আমার প্রতিবন্ধী ছেলেকে হাত পা ও মুখ বেঁধে রেখেছে। এমনি সময় তারা আমার উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে গলায় ছুরি ধরে। আমি ডাক-চিৎকার দিতে চাইলে তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত, পা ও মুখ বেঁধে ফেলে।
এসময় তারা আমার ঘরে থাকা ৫টি আলমারির থেকে ৫১ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ৩টি রোলেক্স ঘড়ি, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দেশী বিদেশী শোপিস নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে আমার পুত্রবধু আমাদের হাত পা মুখের বাঁধন খুলে দেয়। পরে রাতেই আশপাশের লোকজন ও কচুয়া থানা পুলিশকে ডাকাতির বিষয়টি অবগত করি। ঘরের বাহিরে এসে দেখি ডাকাতদল রান্না ঘরের জানালার গ্রীল কেটে ওই জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ঘরের চারপাশে ও ভিতরে সিসি ক্যামেরা ছিল। ডাকাতদল ডাকাতি করে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন (মেমরি) নিয়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

