

কক্সবাজার প্রতিনিধি: সাবেক কাউন্সিলর টিপু হত্যাকান্ডে গ্রেফতার ৩ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার আদালতে উপস্থাপন করা হলে ৩ জনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ঋতু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে, শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালতে এবং গোলাম রসুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া জবানবন্দি রাত ৯টা পর্যন্ত চলে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।
কক্সবাজারে পরিকল্পিতভাবে এনে গুলি করে হত্য করা হয়েছিল খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে। গত ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে টিপুকে গুলি করে হত্যা করে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু নামের খুলনার যুবক। এই পাপ্পু খুলনার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি নেতা শহিদুল ইসলাম ওরফে হুজি শহীদের ভাতিজা। হুজি শহীদকে ২০১৫ সালের অক্টোবরে দৌলতপুর খান এ সবুর রোডে ইসলামী ব্যাংকের সামনে গুলি করে হত্যা করা হয়। আর সে হত্যা মামলার আসামি গোলাম রব্বানী টিপু।
