

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শিল্প-সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ আবদান রাখায় পাঁচজন গুণী সংস্কৃতি কর্মীকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার রাতে শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
সরকারি ভাবে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত পাঁচজন গুণী সংস্কৃতি কর্মী হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ, যাত্রাপালায় আব্দুল গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নৃত্যকলায় কোহিনুর আক্তার ও সৃজনশীল সংগঠক হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ বনি। শ্রেষ্ঠ এসব গুণী সংস্কৃতি কর্মীদের ফুলেল শুভেচ্ছাসহ উত্তরীয় ২০ হাজার টাকার চেক, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।
বাগেরহাট জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট প্রেসক্লার সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

