

নোয়াখালী প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে দিন রাত সমানে লাখো পর্যটকে ভরপুর থাকছে ডনপিন, কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত ১৮ কিলোমিটার সৈকত এলাকা। মানুষের অবাধ ভ্রমণে সচেতনতার অভাবে সৈকতে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যা দৃষ্টি কেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের।
সকালে ‘আপনার সচেতনতায় গড়ে ওঠবে পরিস্কার-পরিচ্ছন্ন পর্যটন নগরী’ স্লোগানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা।
নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের নেতৃত্বে ৩দিনের এই আনন্দ ভ্রমণে সাংবাদিক মোহাম্মদ সোহেলের উদ্যোগে আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারা আপনাদের অহমিকা ভেঙ্গে এই সৈকতের ময়লা-আবর্জনা যেভাবে নিজের হাতে পরিস্কার করছেন, এতে এই সৈকত একদিনে পুরোপুরি পরিস্কার না হলেও আপনাদের দেখে উপস্থিত পর্যটকরা এবং মিডিয়ার মাধ্যমে যারা জানবে, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরী হবে। নোয়াখালীর সাংবাদিকদের এমন মহতি কার্যক্রমে প্রশংসাও করেন পুলিশের এই কর্মকর্তা।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আলোকিত বাংলাদেশ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মানিক ভূঁইয়া বলেন, বিশ্ব জলবায়ু পরির্বতন হচ্ছে, এখন নিজ নিজ দায়িত্ব পালনে পরিবেশ পরিস্কার করতে হবে এবং আমাদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
এ সময় সাংবাদিক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাপ্তাহিক চলতি ধারা’র সম্পাদক এমবি আলম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, আমার দেশ প্রতিনিধি আজাদ ভূ্ঁইয়া, কালবেলার প্রতিনিধি মোজ্জামেল হোসেন।
কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক সচিত্র সম্পাদক-প্রকাশক আমিরুল ইসলাম হারুন, যমুনা টেলিভিশন প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, আনন্দ টিভির প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, এটিএন নিউজ প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, দৈনিক আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন, সাংবাদিক বিধান ভৌমিক, সাংবাদিক আবদুল মোতালেব, সাংবাদিক এম দিলদার উদ্দিন, সাংবাদিক শেহাব উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নুর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক আরাফাত ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এমন প্রশংসনীয় উদ্যোগে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন সমুদ্র সৈকতে আসা পর্যটকরা। এসময় উপস্থিত অনেক পর্যটক এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

