

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সালমান হোসেন (২০) কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার তাইন্দং ইউনিয়নের ডিবি পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সালমান হোসেন তাইন্দং ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে বিভিন্ন ছবি ও মেসেজ পোস্ট করায় তাইন্দং পুলিশ ফাঁড়ির এএসআই সাদ্দাম হোসেন তাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: তৌফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
