

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার রিং চাই ও বেড় জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক, প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ী আনসার ক্যাম্প ও রামসিংহপুর আনসার ক্যাম্পের আনসারদের সহযোগিতায় টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫০০ মিটার রিং চাই ও ৫০০ মিটার কোনা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ জাল গুলো গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। টাংগুয়ার হাওরে জীববৈচিত্র্য, মাছ, পাখিসহ সার্বিক পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কঠোর নজরদারি রয়েছে। কাউকে হাওরের ক্ষতি করে এমন কাজ কোনো ভাবে করতে দেয়া হবে না। কঠোর ভাবে অনিয়মকারীদের দমন করা হবে।
