ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

নড়াইলে নারী ইউপি সদস্যকে গণধর্ষণ ও বিষপ্রয়োগে হত্যা, ৬ জনকে আসামি করে মামলা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে সংঘবদ্ধ ধর্ষণের পর নারী মেম্বারকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ৬ জনের নামে মামলা হয়েছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর বাসনা মল্লিক (৫২) কে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করার বিবৃতি দিয়ে মামলা করেছেন বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সদর থানায় রিংকু মল্লিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ২ জনকে। এদিকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

মামলায় আসামিরা হলেন- নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের গুলমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) এবং শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ফারুক মোল্যাকে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামের দেয়া তথ্য ও মামলার এজহার সূত্রে আরোও জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টিসিবি’র মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা আনতে যান বাসনা মল্লিক। সেখানে গেলে মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা জোরপূর্বক ৩ ঘণ্টা আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে ওই ইউপি সদস্যকে।

ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি সবাইকে জানানোর হুমকি দিলে তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন অভিযুক্তরা। আত্মসম্মানের ভয়ে বাড়িতে ফিরে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোরের ধলগ্রাম বাজারে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও নির্যাতনকারীদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। পরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহের সৎকার করেন নিহতের স্বজনরা।

নিহত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। তিনি মাইজপাড়া ইউপি’র সংরক্ষিত ১,২, ৩ ওয়ার্ডের মহিলা সদস্য।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ওই ইউপি সদস্যের ছেলে বাদী হয়ে তার মাকে গণধর্ষণ ও বিষপ্রয়োগে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে একজন গ্রেফতার হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram