

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্টের রীট পিটিশনমূলে আদেশক্রমে ২টি ইটভাটা বন্ধ ও নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক দুইটি ইট ভাটা বন্ধ ঘোষণা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, ‘মহামান্য হাইকোর্টের রীট পিটিশনমূলে আদেশক্রমে উপজেলা সব কয়টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। মহামান্য হাইকোর্টের ভিন্ন কোন আদেশ না দেওয়া পর্যন্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা অনুয়ায়ী দুইটি ইট ভাড়া মালিক থেকে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়৷পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিয়ন্ত্রণে আনে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অন্যদের মধ্যে দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ্, দীঘিনালা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন, দীঘিনালা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

