

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জাম গাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ২৫ বছরের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ০৭ টায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জামতলী ইসলাম শিবির কবরস্থানের পাশে জাম গাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মোঃ হানিফ (২৭) একই এলাকার মোঃ জালালের ছেলে। নিহত হানিফ বুদ্ধি প্রতিবন্ধী ও ভিডিপি সদস্য।
নিহতের সন্তান সম্ভবনা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, ‘আমাদের কারো সাথে শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না৷ সে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। গতকাল (রবিবার) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।’
স্থানীয় ও নিকট আত্মীয়রা জানান, ইসলাম শিবির কবরস্থানের পাশে জাম গাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায়৷
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমকিভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

